
বেনাপোল প্রতিনিধি
ভারতের বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে কলকাতার দমদম সেন্ট্রাল কারেকশনাল হোম থেকে দেশে ফিরেছেন ৯ জন বাংলাদেশি নাগরিক। কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) মো. ওমর ফারুক আকন্দের স্বাক্ষরকৃত রিপাট্রিয়েশন লিস্ট অনুযায়ী গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়।
পরবর্তীতে তারা আজ বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ফিরে আসা নাগরিকেরা হলেন— নড়াইল জেলার শহিদ মল্লিকের মেয়ে মুক্তা খানম (৩৪), একই জেলার ইমরান শিকদারের মেয়ে খাদিজা বেগম (৩৬) ও তার মেয়ে আয়েশা খাতুন (৮), শহিদ মল্লিকের মেয়ে জাহানারা বেগম (৩৯) ও তার মেয়ে রুকসানা খাতুন (৫); বরিশাল জেলার খগেন্দ্রনাথ মণ্ডলের ছেলে তপন মণ্ডল (২৯); রাজবাড়ী জেলার নিজাম মোল্লার ছেলে আশিক মোল্লা (২৮); খুলনা জেলার সন্তোষ সরকারের ছেলে তন্ময় সরকার (২৩) এবং একই জেলার বিধান চন্দ্র বাচ্চু’র ছেলে রামকৃষ্ণ বাচ্চু (২০)।
বেনাপোল ইমিগ্রেশন ওসি ফেরদৌস খান বলেন, ভালো কাজের প্রলোভনে পড়ে এরা বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমায়। এর পরে সেদেশের পুলিশের কাছে আটক হয়ে জেলে যায়। তারপরে সেদেশের বেসরকারি এনজিও তাদের ছাড়িয়ে করিয়ে একটি শেল্টার হোমে রাখে। সেখান থেকে ১ বছর থেকে দেড় বছর পর্যন্ত থাকার পর আজ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আসে।
ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি বেসরকারি সংস্থা গ্রহণ করেছে। জাস্টিস অ্যান্ড কেয়ার এর বেনাপোল প্রতিনিধি শফিকুল ইসলাম বলেন, এদের যশোর শেল্টার হোমে রাখা হবে। এর পরে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে ফেরত দেওয়া হবে।